শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

পথকুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

ভারতের মহারাষ্ট্রের থানে জেলার একটি আবাসন চত্বরে একটি পথকুকুরকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

গত রবিবার রাতে কল্যাণের ভোইরওয়াড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন মানুষ হাতে লাঠি নিয়ে ওই আবাসিক এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। পরবর্তীকালে আবাসনের পার্কিং লট থেকে কুকুরটির নিথর দেহ উদ্ধার হয়।

খড়কপাদা থানার পুলিশ জানিয়েছে, কুকুরটির শরীরে আঘাতের চিহ্ন থেকে স্পষ্ট যে মৃত্যুর আগে সে বাঁচার জন্য লড়াই করেছিল।

স্থানীয় এক পশুপ্রেমীর অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশ পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে মামলা রুজু করেছে। ‘প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস ওয়েলফেয়ার সোসাইটি’ বা ‘পজ’ (PAWS)-এর প্রতিনিধিরাও বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর কয়েকদিন আগেই একই আবাসনের এক বাসিন্দার বিরুদ্ধে কুকুরদের বিষ খাইয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল, যার প্রেক্ষিতে একটি পৃথক মামলাও দায়ের করা হয়।

অন্যদিকে, প্রায় একই ধরনের এক নৃশংস ঘটনা ঘটেছে মুম্বাইয়ের যোগেশ্বরী পশ্চিম এলাকায়। সেখানে অজিত গ্লাস গার্ডেনের কাছে দুই ব্যক্তি একটি পথকুকুরকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ড্রেনে ফেলে দেয়। স্থানীয় বাসিন্দারা কুকুরটিকে পশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওশিওয়ারা থানার পুলিশ সিসিটিভি এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয়দের দাবি, কুকুরটি অত্যন্ত শান্ত স্বভাবের ছিল, কিন্তু কেবল ঘেউঘেউ করার অপরাধে ঘুমন্ত অবস্থায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র: মিড-ডে

ক্যাটাগরি