চট্টগ্রাম

নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার দাবিতে চবি উপাচার্যকে স্মারকলিপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার উপাচার্য বরাবর দেওয়া স্মারকলিপিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যাসহ প্রত্যাশা তুলে ধরা হয়েছে।

প্রধান দাবির মধ্যে রয়েছে—শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও অতিরিক্ত বগি সংযোজন,  নতুন আবাসিক হল নির্মাণ ও বিদ্যমান হলগুলোর সংস্কার, সিট বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু,  প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়ন, ক্যাম্পাসে সহিংস ঘটনার দ্রুত বিচার, উন্মুক্ত ওয়াই-ফাই সুবিধা চালু, বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে ফটোকপি, প্রিন্ট ও স্ক্যানিং সুবিধা নিশ্চিত।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়েছে, চাকসু যেন কোনো গোষ্ঠীর প্রতিনিধি না হয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। এছাড়া, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেনের পরিবার এবং আহত শিক্ষার্থীদের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী বলেন, আধুনিক ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা সর্বদা সতর্ক।

সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় জানান, শাটল ট্রেন ও যাতায়াত সমস্যা, আবাসন সংকটসহ বিভিন্ন বিষয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছি। আমরা ক্যাম্পাসের যেকোনো সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করব।

ছাত্রদল চবি শাখার সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত স্মারকলিপিতে দাবিগুলো দ্রুত কার্যকর করার জন্য উপাচার্যের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ক্যাটাগরি