চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
মহান স্বাধীনতা দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দুইজন চিকিৎসক বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্ত দুই বীর মুক্তিযোদ্ধা হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. মুহাম্মদ গোফরানুল হক এবং সাউদার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. মুলকুতুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
সভায় জানানো হয়, অধ্যাপক ডা. মুহাম্মদ গোফরানুল হক মুক্তিযুদ্ধের সময় মিরসরাই ও সীতাকুণ্ড এলাকায় এবং অধ্যাপক ডা. মুলকুতুর রহমান চট্টগ্রাম মহানগর এলাকায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মাননা প্রাপ্ত দুই বীর মুক্তিযোদ্ধা আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপ-রেজিস্ট্রার মোহাম্মদ ইখতিয়ারুল হক। এছাড়া স্বাধীনতা বিষয়ক কবিতা আবৃত্তি করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আতিকুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. তমিজউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ও বেসিক সায়েন্স এবং প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক (চ.দা) ডা. মেহেরুন্নিছা খানম এবং পরিচালক (অর্থ) মোহাম্মদ ইকরামুল হক খান।
সভায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন।