চট্টগ্রাম বন্দরে জ্বালানি নিয়ে এল আরও দুই জাহাজ
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩৭৪ মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘এমটি ইউয়ান জিং হে’। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে আনা হয়। এছাড়া মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘শান গ্যাং এফএ জিয়ান’ নামে আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি রয়েছে। এছাড়া শনিবার এলপিজিবাহী আরও একটি জাহাজ পৌঁছার কথা রয়েছে।
শুক্রবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি রয়েছে। রাতে সেটি বন্দরে পৌঁছাতে পারে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এছাড়া চীন থেকে ‘গ্যাস জার্নি’ নামক রওনা দেওয়া আরেকটি এলপিজিবাহী জাহাজ শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানিবাহী চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর মার্চ মাসে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি),
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তেলবাহীসহ মোট ৩৬টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। চলতি এপ্রিল মাসে এসেছে চারটি। সর্বশেষ শুক্রবার দুপুরে ভিড়েছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামক একটি জাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা এটি নবম জাহাজ।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।