বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান: বিপুল পরিমাণ মদ, সরঞ্জামসহ গ্রেপ্তার ১

কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় নকল বিদেশি মদ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় মোহন সেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) ভোরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া স্ক্র্যাপ গলিতে একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাসিন্দা এবং তিনি কার্তিক সেনের ছেলে।

অভিযানে ১১০ বোতল নকল বিদেশি মদ (প্রায় ৫৫ লিটার), ৭৬টি খালি বোতল, একটি ক্যাপ সিলিং মেশিন, একটি সিলার মেশিন ও একটি হিট গান উদ্ধার করা হয়। এছাড়া পাঁচটি জেরিক্যানে প্রায় ১৬ দশমিক ৫ লিটার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে।

এছাড়াও উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ৭২৫টি কর্ক, ৭৮০টি নকল স্টিকার, বারকোড স্টিকার, কর্ক সিকিউরিটি সিল পেপার এবং নগদ ২৮ হাজার টাকা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

ক্যাটাগরি