রামুতে মালিকবিহীন ২ লাখ পিস ইয়াবা উদ্ধার, বাজারমূল্য ৬ কোটি টাকা
কক্সবাজারের রামুতে মালিকবিহীন অবস্থায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০ বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।
এ সময় মাথায় বস্তা বহনকারী এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। তবে তিনি দূর থেকেই বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যান।
পরে স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।