সংগীতাঙ্গনে নতুন চমক : রিয়া বড়ুয়ার কণ্ঠে “শিকল বেঁধে রাখলাম তোরে”
ভালোবাসা, অভিমান আর হৃদয়ের গভীর অনুভূতির মিশেলে তৈরি হয়েছে নতুন আধুনিক ফোক গান “শিকল বেঁধে রাখলাম তোরে”। প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী রিয়া বড়ুয়ার কণ্ঠে গাওয়া এ গানটি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে স্টুডিও সুর সমুদ্রের ব্যানারে। গানটি নিয়ে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
গানটির কথা লিখেছেন গীতিকার এম আমান উল্লাহ। দেশের বরণ্য সংগীত পরিচালক ও সুরকার আজম চৌধুরী গানটির সুর করছেন। প্রেম-বিরহের আবেগঘন কথামালা ও হৃদয়ছোঁয়া সুরের সমন্বয়ে গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।
গানটি প্রসঙ্গে গীতিকার এম আমান উল্লাহ বলেন, “মানুষের জীবনের না বলা কিছু অনুভূতি এই গানের কথায় তুলে ধরার চেষ্টা করেছি। ভালোবাসার টান, হারানোর ভয় আর মনের গভীর আকুতিই গানটির মূল উপজীব্য।”
শিল্পী রিয়া বড়ুয়া বলেন, “গানটির কথা ও সুর প্রথম শুনেই ভালো লেগে যায়। খুব আবেগ দিয়ে গানটি গেয়েছি। আশা করছি শ্রোতারা গানটি নিজেদের অনুভূতির সঙ্গে মিল খুঁজে পাবেন।”
স্টুডিও সুর সমুদ্র থেকে গানটির অডিও ও ভিডিও নির্মাণ করেছেন বাবলু দে। নান্দনিক লোকেশন ও গল্পনির্ভর চিত্রায়ণের মাধ্যমে গানটির ভিডিওতেও ভিন্নমাত্রা আনার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক ফোক ধারার এই গানটি প্রকাশের পর শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে বলে তাদের বিশ্বাস। বর্তমানে গানটির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। খুব শিগগিরই দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গানটি উন্মুক্ত করা হবে।