শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত এবং সর্বোচ্চ শাস্তির দাবীতে খেলাঘরের মানববন্ধন
রামিসা, উর্মি, আছিয়াসহ দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কক্সবাজার জেলা খেলাঘর।
শুক্রবার (সকাল ১০টা) কক্সবাজার পৌরসভা চত্বরের সামনে আয়োজিত এ মানববন্ধনে খেলাঘরের বিভিন্ন শাখা আসরের সদস্য, সাংবাদিক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
কক্সবাজার জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে এবং সম্পাদকমণ্ডলীর সদস্য ও সাংবাদিক দীপক শর্মা দীপুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কক্সবাজার জেলা প্রতিনিধি ও খেলাঘরের সাবেক জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক জসিম উদ্দিন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কক্সবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন, ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজীব দেবদাস, সিমুনিয়া খেলাঘর আসরের সভাপতি বুলবুলে জান্নাত, আনন্দময় খেলাঘর আসরের সভাপতি ধ্রুব সেন দে, ঝাউবন খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক মাহবুবুর রহমান এবং সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিশুদের প্রতি যৌন সহিংসতা ও হত্যাকাণ্ড সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করছে। এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানান।
মানববন্ধন থেকে শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।