মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে গণশুনানিতে উত্তেজনা, সংঘর্ষে ইউপি কার্যালয়ে ভাঙচুর

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।

বুধবার (২৩ জুলাই) বিকেল ২টার দিকে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন বিভক্তির প্রস্তাবকে কেন্দ্র করে আয়োজিত গণশুনানি চলাকালে একদল অংশগ্রহণকারী “ইউনিয়ন বিভক্তি, মানব না—মানব না” স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিভক্তির পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়।

এ সময় বিক্ষুব্ধ কয়েকজন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর চালায়। এতে কার্যালয়ের জানালার কাচ, আসবাবপত্রসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ইউনিয়ন পরিষদ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গণশুনানির কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

ক্যাটাগরি