বিকেএসপিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারাতে শিক্ষার্থী মহেশখালীর ইয়াসারের মৃত্যু
সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কক্সবাজারের মহেশখালীর কারাতে শিক্ষার্থী ইয়াসার আহমেদ জীম (১৭) মারা গেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদের ছেলে। তার মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বিকেএসপি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছে, অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকাতে গিয়ে ইয়াসার বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।
তবে সংরক্ষিত ক্যাম্পাসের ভেতরে কীভাবে একজন শিক্ষার্থী দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিকেএসপি কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে পরিবারকে জানানো হয়েছে।
পরিবার আরও জানায়, ইয়াসারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শৈশব থেকেই কারাতে খেলোয়াড় হওয়ার স্বপ্ন ছিল ইয়াসারের। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি বিকেএসপির কারাতে বিভাগে ভর্তি হয়ে নিয়মিত অনুশীলন করছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত ১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ বাংলাদেশ জুনিয়র দলের হয়ে অংশ নিয়ে তিনি প্রশংসা অর্জন করেছিলেন।
ইয়াসারের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক এবং মহেশখালীবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।