উখিয়া

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত শিশুকে মুক্তিপণের দাবিতে নির্যাতনের ভিডিও ভাইরাল, অপহরণকারি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অপহৃত পাঁচ বছর বয়সী রোহিঙ্গা শিশু রহমত আলীকে জীবিত উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় মো. জাকারিয়া ওরফে জকরিয়া (৩৭) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ভোরে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করা হয়। পরে বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহিদুর রহমান।

তিনি জানান, গত ২২ জুলাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১১ এলাকার বাসিন্দা মো. জুনায়েদ ও পারমিন আরা দম্পতির পাঁচ বছর বয়সী ছেলে রহমত আলীকে অপহরণ করা হয়। অপহরণের পর শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

পুলিশ জানায়, পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে বিভিন্ন নগদ অ্যাকাউন্টে মোট ৩ লাখ ২০ হাজার টাকা পাঠান। মুক্তিপণের টাকা পাওয়ার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।

প্রেস ব্রিফিংয়ে শিশুটির বাবা মো. জুনায়েদ বলেন, অপহরণকারীরা মোবাইল ফোনে ৬ লাখ টাকা দাবি করেছিল। পরে দরকষাকষির পর কুতুপালং বাজার থেকে কয়েকটি নগদ নম্বরে ৩ লাখ ২০ হাজার টাকা পাঠানোর পর তার সন্তানকে ফিরে পান।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহিদুর রহমান জানান, ঘটনার তদন্তে নেমে বুধবার ভোরে অভিযান চালিয়ে অপহরণকারী জাকারিয়াকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এছাড়া অপহরণচক্রের অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ক্যাটাগরি