শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের গোড়ালি বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তের নাফ নদের শূন্যরেখা সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।

আহত বদি আলম (৩২) উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজনের সঙ্গে নাফ নদে মাছ ধরতে যান বদি আলম। একপর্যায়ে তারা শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে সেখানে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে বদি আলমের ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শরীরের ডান পাশেও গুরুতর আঘাত পান তিনি।

ঘটনাস্থলে থাকা অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজিবি সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী জনগণকে শূন্যরেখা অতিক্রম না করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সীমান্তে যাতায়াতের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ক্যাটাগরি