এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক নুরুল বশরকে
কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য রোববার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে কক্সবাজার থেকে ঢাকায় নেওয়া হয়েছে।
এর আগে রোববার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়ী সফরের কর্মসূচিতে অংশ নেন নুরুল বশর চৌধুরী। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কয়লা বিদ্যুৎ প্রকল্পের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তিনি কোমরের প্রদাহ, রক্তচাপজনিত সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করানোর কথা রয়েছে।
এদিকে নুরুল বশর চৌধুরীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য কক্সবাজারবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও দলীয় নেতাকর্মীরা।