মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৫১ হাজার ৫৮০ পিস ইয়াবা জব্দ, আটক ২

কক্সবাজারের উখিয়ায় তিন লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ আগস্ট) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক।

আটকরা হলেন—টেকনাফ থানার কাটাখালী হাতিমারা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে আবুল ফয়েজ (২৫)।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল জোড়াকাঠি এলাকায় অবস্থান নেয়। সকাল ৫টার দিকে মিয়ানমার সীমান্তের দিক থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের সন্দেহ হয়।

পরে বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের ৩৫টি কার্টনে মোট তিন লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

উখিয়া বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ক্যাটাগরি