সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

কক্সবাজার শহরে ৬ নম্বর জেটি ঘাটে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার ৬ নম্বর জেটিঘাটে স্পিডবোটের যাত্রী সেজে ইয়াবা পাচারের সময় ২০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল।

আটক জাহেদ হোসেন (৪২) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন বাহারছড়ার ৬ নম্বর জেটিঘাট দিয়ে মাদকের একটি চালান পাচারের খবর পেয়ে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় শপিং ব্যাগ হাতে স্পিডবোটের যাত্রীবেশে এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে থামার নির্দেশ দেওয়া হয়।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক জাহেদ হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সোমেন মন্ডল।

ক্যাটাগরি