টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবু বক্করকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫
কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আবু বক্করকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে টেকনাফ থানার লেচুয়াপ্রাং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু বক্কর টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার ছৈয়দ হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ২০১৭ সালে চট্টগ্রামের আকবর শাহ থানায় দায়ের করা একটি মাদক মামলায় আবু বক্করের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। পরে আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সাজা ঘোষণার পর গ্রেপ্তার এড়াতে আবু বক্কর দীর্ঘদিন ধরে ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১৫।