শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুন্ডে শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় সাতজনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, এখন পর্যন্ত পাঁচজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত ও অসুস্থদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সানি দাস, পলাশ দাস ও মোহাম্মদ হাবিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়ার্ডে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে আরও দুজনের মৃত্যু হয়।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকাল ১০টার দিকে একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংকে লিকেজের ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন বহিরাগত বিষয়টি দেখতে গেলে তারা গ্যাসে আক্রান্ত হন। প্রথমে তিনজনের মৃত্যু হয় এবং পরে আরও দুজন হাসপাতালে মারা গেছেন বলে তিনি জানান।

ইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা সাইফুজ্জামান বলেন, এখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। গ্যাস লিক হয়ে বিষক্রিয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। শুরুতে অনেকে ঘটনাটিকে বিস্ফোরণ বলে মনে করেছিলেন।

চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগমও জানান, বিস্ফোরণের খবর সঠিক নয়।

এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান জানান, প্রায় ১০ শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজন মারা গেছেন। বাকিদের সর্বশেষ অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গ্যাস নির্গমন নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, সেটিও তদন্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ক্যাটাগরি