উখিয়া

ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ায় নবম রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ করেছেন রোহিঙ্গারা। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের ফুটবল মাঠে নাগরিক সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) আয়োজিত সমাবেশে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গারা অংশ নেন।

এবারের সমাবেশের প্রতিপাদ্য ছিল—‘নাইন ইয়ারস গন, থিংক টেন মিনিটস ফর রোহিঙ্গা’।

সমাবেশে ২০১৭ সালের গণহত্যায় নিহতদের স্মরণ, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানানো হয়।

রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ রফিক বলেন, নয় বছর ধরে তারা বাংলাদেশে আশ্রিত জীবন কাটাচ্ছেন। তারা নিজেদের জন্মভূমি মিয়ানমারের রাখাইনে ফিরে যেতে চান। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।

ইউসিআরের প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য মোহাম্মদ সৈয়দ উল্লাহ বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক সহায়তা করেছে, এজন্য তারা কৃতজ্ঞ। তবে প্রত্যাবাসন শুধু সীমান্ত পার করে ফেরত পাঠানোর মধ্যে সীমাবদ্ধ হলে হবে না। ফেরার পর নিরাপত্তা, নাগরিকত্ব, অধিকার, চলাচলের স্বাধীনতা ও জীবিকার নিশ্চয়তাও থাকতে হবে।

সমাবেশে বার্মিজ ভাষায় বক্তব্য দেন ইউসিআর নেতা মাস্টার শোয়েব। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এমন পরিবেশ তৈরির আহ্বান জানান, যাতে রোহিঙ্গারা ভয় ও অনিশ্চয়তা ছাড়া নিজ দেশে ফিরতে পারেন।

একপর্যায়ে প্রায় ১০ মিনিট ধরে রোহিঙ্গারা স্লোগান দেন—‘শেষ হতা এক্কান—ফিরতে চাই আরকান’, অর্থাৎ ‘আমাদের শেষ কথা একটাই—আরকানে ফিরতে চাই।’

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন সদস্যরা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।

ক্যাটাগরি