রোহিঙ্গা ক্যাম্পে সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৮
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ক্যাম্পের সড়কে চলাচলরত দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় অটোরিকশায় থাকা চালক ও যাত্রীসহ মোট নয়জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাঁদের চিকিৎসার জন্য ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হলেও মোহাম্মদ হাশিমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত হাশিম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর এইচ/৭৫ ব্লকের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম নুর আলম।
দুর্ঘটনায় আহত অন্য আটজনের চিকিৎসা চলছে। তবে তাঁদের নাম-পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।