টেকনাফ

টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে ইজিবাইকে করে অস্ত্র ও গোলাবারুদ পরিবহনের সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি ও চার কেজি বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন—১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের রুবালির ছেলে মো. উসমান বেলাল, একই ক্যাম্পের ইউনুসের ছেলে মো. আনসার আলী এবং ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্পের ফয়েজ আহমদের ছেলে মো. মুসলিম।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, হ্নীলার লেদা বাজার হয়ে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তর করা হবে। এ তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে লেদা বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি দল।

সকাল সাড়ে ১০টার দিকে তিনজনকে বহনকারী একটি ইজিবাইক লেদা বাজার অতিক্রম করার সময় সেটিকে থামার সংকেত দেওয়া হয়। পরে মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে থাকা বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে তল্লাশি চালানো হয়।

বিজিবির দাবি, আলুর বস্তার ভেতরে লুকানো অবস্থায় দুটি জি-৩ রাইফেল, বড় ও ছোট আকারের দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, একটি ম্যাগাজিন ও চার কেজি বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়। এ ছাড়া ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, অস্ত্র পরিবহনে ব্যবহৃত ইজিবাইক, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। অবৈধ অস্ত্রের চালান প্রতিহত ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি