টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগে ২জন আটক
কক্সবাজারের টেকনাফে এক নারীকে ইজিবাইক থেকে জোরপূর্বক নামিয়ে বিবস্ত্র করে মারধর, মাথার চুল কেটে দেওয়া এবং নির্যাতনের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, উত্তর শিলখালী এলাকার ইছহাকের মেয়ে মুর্শিদাসহ পাঁচজন এ ঘটনায় জড়িত।
পরিবারের সদস্যরা জানান, ভুক্তভোগীর বাবা ক্যান্সারে আক্রান্ত। বাবার চিকিৎসা ও অস্ত্রোপচারের খরচের জন্য টাকা সংগ্রহ করতে বুধবার তিনি বাড়ি থেকে শামলাপুর বাজারে যান। সেখানে ইসলামী ব্যাংক পিএলসির নিচে একটি বিকাশ এজেন্ট থেকে ১৫ হাজার টাকা উত্তোলন করে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন।
পথে উত্তর শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে মুর্শিদাসহ কয়েকজন তাঁকে ইজিবাইক থেকে জোর করে নামিয়ে মারধর করেন বলে পরিবারের অভিযোগ। পরে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বিদ্যালয়ের পাশে একটি খালি জায়গায় নিয়ে যাওয়া হয়।
পরিবারের অভিযোগ, সেখানে অনেক মানুষের উপস্থিতিতে ওই নারীকে বিবস্ত্র করে আবারও মারধর করা হয়। পরে লোকজনের ভিড় বাড়লে তাঁকে টেনেহিঁচড়ে মুর্শিদার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর হাত-পা বেঁধে পুনরায় মারধর, মাথার চুল কেটে দেওয়া এবং নির্যাতনের ভিডিও ধারণ করা হয়।
ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হয়। পরে বাহারছড়া তদন্ত কেন্দ্রের এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মুর্শিদার বাড়িতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। তাঁকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীকে উদ্ধারের পর পৃথক অভিযান চালিয়ে উত্তর শিলখালীর ইছহাকের মেয়ে মুর্শিদা ও রেহেনা আক্তারকে আটক করা হয়েছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সায়েদ জানান, আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।