টেকনাফের জোড়া খুনের মামলায় চট্টগ্রামে দুই পলাতক আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে আলোচিত জোড়া খুনের মামলায় এজাহারনামীয় দুই পলাতক আসামিকে চট্টগ্রাম মহানগরীর পশ্চিম ফরিদাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও এসআরবি-৭।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে পশ্চিম ফরিদাপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি গ্রামের আব্দুল্লাহর ছেলে মিজানুর রহমান (২৭) এবং বালুখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল মোনাফ (২৭)। তাঁরা মামলার এজাহারনামীয় যথাক্রমে ২ ও ৪ নম্বর আসামি।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১৫ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে মো. মোক্তার কামাল (৩৯) ও মো. আকবর (২৩) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে টেকনাফ থানায় হত্যা মামলা করা হয়।
মামলার আসামিদের গ্রেপ্তারে এরপর থেকে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-১৫। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পশ্চিম ফরিদাপাড়া এলাকায় কয়েকজন আসামির অবস্থানের তথ্য পেয়ে এসআরবি-১৫-এর সিপিসি-২ ও এসআরবি-৭-এর সিপিসি-৩-এর সমন্বয়ে যৌথ আভিযানিক দল অভিযান চালায়।
প্রথম অভিযানে সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে পশ্চিম ফরিদাপাড়ার এমএএস টেলিকমের সামনে থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাত্র ১০ মিনিটের ব্যবধানে বিকেল ৫টা ৩৫ মিনিটে একই এলাকার একটি ভাড়া বাসা থেকে আব্দুল মোনাফকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।