জাতীয়

শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর চার দিনের রিমান্ডে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে পুলিশের শতাধিক কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সন্দেহভাজনদের তালিকায় অতিরিক্ত আইজিপি থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা ছাড়াও ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল রয়েছেন। এর মধ্যেই রাষ্ট্রদ্রোহের মামলায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে নিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায়, সন্দেহভাজন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের পলাতক নেতাদের যোগাযোগ রয়েছে কি না, তাঁরা কোনো গোপন বা স্পর্শকাতর তথ্য সরবরাহ করছেন কি না এবং এ ধরনের যোগাযোগের পেছনে আর্থিক লেনদেন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ তথ্য পাচার কিংবা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ সদর দপ্তর।

ইতোমধ্যে পুলিশের সব ইউনিট প্রধানকে অধীনস্থ কর্মকর্তাদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি ইমেইল এবং ভুয়া সাধারণ ডায়েরি (জিডি) ও মামলার নম্বর ব্যবহার করে কল ডিটেইল রেকর্ড (সিডিআর)সহ বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ করেছেন—এমন পুলিশ সদস্যদের তালিকাও তৈরির কাজ চলছে।

পুলিশের অভ্যন্তরে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত কর্মকর্তাদের নিয়েও নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। গত বছর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যদের উদ্দেশে তৎকালীন কমিশনারের ওয়াকিটকিতে দেওয়া বক্তব্য ফাঁস হওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় পুলিশ সদর দপ্তর। সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিতর্কিত অডিও ফাঁস এবং এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ ওঠায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিশেষ করে ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার মধ্যে পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য বেহাত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোয়েন্দা নজরদারির তালিকায় শুধু ঊর্ধ্বতন কর্মকর্তারাই নন, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যও রয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হয়েও পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের পাশাপাশি সব সরকারের আমলেই সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে—এমন কর্মকর্তাদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময় তদবির ও বিভিন্ন মহলের সহযোগিতায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়া এবং এখনো সেসব পদে বহাল থাকা কর্মকর্তাদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া নির্দিষ্ট এলাকার পুলিশ সদস্যদের বিষয়েও বিশেষ সতর্কতা অবলম্বন করছেন গোয়েন্দারা।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তা জানান, যেসব পুলিশ কর্মকর্তার কথাবার্তা বা কর্মকাণ্ডে সন্দেহের উপাদান পাওয়া যাচ্ছে, তাঁদের বিষয়ে পুলিশ সদর দপ্তরকে অবহিত করা হচ্ছে। ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা মোকাবিলায় পুলিশের কেউ যাতে গোপন তথ্য পাচার করতে না পারেন, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আহসান হাবীব পলাশ বলেন, যেকোনো অপরাধে যে কেউ জড়িত হলে তাঁকে আইনের আওতায় আনা হয়। এ ক্ষেত্রে তিনি পুলিশ সদস্য নাকি অন্য কোনো পেশার ব্যক্তি, তা বিবেচ্য নয়। পুলিশের কোনো সদস্য বা অন্য কেউ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তিকে দুটি বার্তা পাঠান জাহাঙ্গীর আলম। একটি বার্তায় ইংরেজিতে বাংলাদেশকে ডিসেম্বরে ‘আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার’ কথা বলা হয়। অন্য বার্তায় ডিসেম্বর মাসে জীবন-মরণ বাজি রেখে মাঠে নামার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় গত ১৪ নভেম্বর রাতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

একাধিক সূত্রের দাবি, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং দলটির সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিমের সঙ্গে যোগাযোগ রাখতেন।

পুলিশের অভ্যন্তরে তথ্য পাচার ও রাজনৈতিক যোগাযোগের অভিযোগ তদন্তের অংশ হিসেবে এখন সন্দেহভাজন কর্মকর্তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। তবে গোয়েন্দা নজরদারিতে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়াই এখন গুরুত্বপূর্ণ।

ক্যাটাগরি