জাতীয়

নিকারের সভায় অনুমোদন পেল ‘মাতামুহুরী’সহ নতুন দুই থানা

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

এদিকে ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। আগে খামারগ্রাম মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাবগুলো উত্থাপন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে নতুন পৌরসভা গঠন এবং প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

নতুন এসব প্রশাসনিক কাঠামো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা ও স্থানীয় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাসস

ক্যাটাগরি