উখিয়া

‘হাদির পরিণতি হবে’ বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে চিঠিতে হুমকি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে উড়ো চিঠি পাঠানো হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে ওই চিঠি পান শাহজাহান চৌধুরী। চিঠির খামের ভেতরে একটি সাদা কাপড়ের টুকরোও ছিল, যা কাফনের কাপড় হিসেবে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে ২৩-১২-২৫ তারিখ উল্লেখ করে কথিত ‘ব্যাটালিয়ন-৭১’-এর কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর পরিচয়ে মুমিনুল আলম নামের একজন প্রেরকের নাম ব্যবহার করা হয়। চিঠিতে লেখা হয়- জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন।

চিঠিতে আরও বলা হয়, “অন্যথায় পরিণতি শরীফ ওসমান হাদীর মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।”

হুমকির বিষয়টি জানার পর বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তাৎক্ষণিকভাবে ফোন করে শাহজাহান চৌধুরীর খোঁজখবর নেন। তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

শাহজাহান চৌধুরী বলেন, দলের প্রধান তারেক রহমান খোঁজ নিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ ধরনের ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে রবিবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনি এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভাকালে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী হুমকির বিষয়টি উপস্থাপন করলে নির্বাচন কমিশনার বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি