চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার
চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে মোহাম্মদ আলী হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ১টি দেশীয় একনলা বন্দুকও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ ৯নং ওয়ার্ড পুলানকাটা এলাকায় ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃত আলী হোসেন ওই এলাকার মতিউর রহমানের ছেলে। চকরিয়া সেনাক্যাম্প থেকে জানানো হয়েছে, আলী হোসেন দীর্ঘদিন ধরে সক্রিয় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করছিলেন।
জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার এবং তৎপরতা দমন করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উদ্ধারকৃত অস্ত্র এবং আটককৃত ব্যক্তি চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সেনা সূত্রের দাবি, আলী হোসেন অবৈধ অস্ত্র বহন করছিলেন এবং নির্বাচনী পরিবেশকে বিশৃঙ্খল করার গোপন পরিকল্পনা করছিলেন।