টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ডাকাতের মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতের মরদেহ উদ্ধার করেছে এপিবিএন পুলিশ।
মঙ্গলবার সকালে নয়াপাড়া ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান এপিবিএন পুলিশের নয়াপাড়া ক্যাম্প ইনচার্জ পরিদর্শক সুশান্ত কুমার সরকার।
নিহতের নাম আব্দুর রহিম (৫০)। তিনি হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, আব্দুর রহিম একজন চিহ্নিত ডাকাত এবং তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পরিদর্শক সুশান্ত সরকার জানান, মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া যায় যে ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় সড়কের পাশে একজনের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, সোমবার মধ্যরাতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় একাধিক গুলির শব্দ শোনা যায়। পরে ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় স্থানীয়রা বিকাশ মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে পুলিশ কাজ করছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন পুলিশের ওই কর্মকর্তা।