বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

গুম-খুনের শিকার পরিবারের আর্তনাদে কেঁদে ফেললেন তারেক রহমান

বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের হৃদয়বিদারক বর্ণনা শুনে কান্নায় ভেঙে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্বজনরা তুলে ধরেন প্রিয়জনদের হারানোর বেদনা ও ফিরে পাওয়ার আকুতি। কেউ বলছিলেন স্বামীহারা জীবনের দুঃসহ কষ্টের কথা, কেউ বাবাকে না-পাওয়ার শূন্যতার গল্প। কোনো কোনো ভুক্তভোগী পরিবারের সদস্য তারেক রহমানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।

আওয়ামী সরকারের আমলে গুম হওয়া এক ব্যক্তির কন্যা শাফা বলেন,
“আমার বাবাকে যখন গুম করা হয়, তখন আমার বয়স ছিল মাত্র দুই মাস। এখন আমার বয়স ১৩ বছর। বাবার মুখটা আমি কখনো দেখিনি। বাবার ছবিটা নিয়ে অনেক জায়গায় গিয়েছি, কোনো খোঁজ পাইনি। বাবার সঙ্গে আমার কোনো স্মৃতি নেই। আমরা আমাদের বাবাকে ফেরত চাই—এই কথাটা বহুবার বলেছি, কিন্তু কেউ আমাদের ফেরত দেয়নি।”

এমন হৃদয়বিদারক বক্তব্য শুনে একপর্যায়ে মঞ্চে বসেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন তারেক রহমান। ভুক্তভোগীরা শুধু প্রিয়জনদের ফিরে পাওয়ার আকুতি নয়, গুম ও হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিও জানান।

অনেকেরই আকাঙ্ক্ষা ছিল তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলার। আয়োজকদের সহায়তায় কয়েকজনকে মঞ্চে নিয়ে গেলে তিনি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কিছু সময় কথা বলেন এবং সান্ত্বনা দেন।

সভায় উপস্থিত পরিবারগুলোর দাবি ছিল—রাষ্ট্র যেন তাদের প্রিয়জনদের গুম ও হত্যার বিচার নিশ্চিত করে এবং ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠা করে।

ক্যাটাগরি