রাজধানীর স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে
রাজধানীর একটি স্কুলে শিশুশিক্ষার্থীকে মারধর করার ঘটনায় দুজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা ৩–৪ বছর বয়সী এক শিশুকে টেনেহেঁচড়ে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। পরে গোলাপি শাড়ি পরা এক নারী শিক্ষক শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারেন ও ধমক দেন। একই সময় এক পুরুষ শিক্ষক শিশুটির মুখের সামনে স্ট্যাপলার দেখিয়ে ভয় দেখান।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে।
পুলিশ জানিয়েছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে। ঘটনাটি নয়াপল্টন এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটেছে। ইতোমধ্যে ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও কয়েকজন শিক্ষককে থানায় ডাকা হয়েছে, তবে তারা বারবার সময় নিচ্ছেন।
ডিএমপির পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। নির্যাতনে জড়িতদের একজনকে শনাক্ত করা হয়েছে এবং থানায় আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।