শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফ সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেশখালীয় পাড়া সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয়ের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে স্থানীয়রা সমুদ্র সৈকতের ঘাট এলাকায় একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মরদেহটির শরীরে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। প্রাথমিকভাবে শিশুটির বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি এবং এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি আরও জানান, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কন্যা শিশুটির মরদেহ সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এসে সৈকতে উঠে আসে। তবে এটি কোনো দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার ফল-তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, শিশুটির পরিচয় শনাক্তে আশপাশের থানা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি কোনো নিখোঁজ শিশুর অভিযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ক্যাটাগরি