মহেশখালী

কক্সবাজার-মহেশখালী নৌরুটে স্পিডবোট সংঘর্ষ: নারী নিহত, উদ্ধার ১৮

কক্সবাজার-মহেশখালী নৌরুটে দুটি স্পিডবোটের সংঘর্ষে এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পানিতে ভেসে থাকা অবস্থায় আরও ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে বাঁকখালী নদীর মোহনায় এ ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহেশখালী উপজেলার গেরকঘাটা ঘাট থেকে যাত্রী নিয়ে রওনা হওয়া দুটি স্পিডবোট বাঁকখালী নদীর মোহনায় পৌঁছালে একটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন দ্রুতগতিতে আসা অপর বোটটি থেমে থাকা বোটে ধাক্কা দেয়। এতে উভয় বোট উল্টে যায় এবং যাত্রীরা পানিতে পড়ে।

স্থানীয়দের সহায়তায় এবং অন্য স্পিডবোট ও ট্রলারের সাহায্যে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া ওই নারীকেও কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন অধিদপ্তরের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্যাটাগরি