টেকনাফ

টেকনাফের হোয়াইক্যংয়ে পাহাড়ি এলাকা থেকে ৬ কৃষক অপহরণ, এলাকায় আতঙ্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে ৬ জন কৃষক অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কৃষিকাজে যাওয়ার সময় পাহাড়ি অস্ত্রধারীরা তাদের জিম্মি করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. শাহ জালাল। তিনি বলেন,
“সকালে কৃষি কাজে যাওয়ার পথে পাহাড়ি অস্ত্রধারীরা কৃষকদের জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অসহায় কৃষকদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো সহযোগিতা প্রয়োজন।”

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, মিনাবাজার আশ্রয়ণ কেন্দ্র এলাকার ৬ জন কৃষক পাহাড়ি এলাকায় কাজ করতে গেলে পাহাড়ি ডাকাত দল তাদের তুলে নিয়ে যায়—এমন অভিযোগ পরিবারগুলোর পক্ষ থেকে পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে কৃষিক্ষেতে কাজ করতে গিয়ে ওই ৬ জন কৃষক অপহরণের শিকার হন। এখনো পর্যন্ত অপহরণকারীদের পক্ষ থেকে কোনো মুক্তিপণের দাবি পাওয়া যায়নি। অপহৃতদের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, নির্বাচনি ব্যস্ততার সুযোগ নিয়ে পাহাড়ি সশস্ত্র অপহরণ চক্র বেপরোয়া হয়ে উঠেছে। তারা প্রশাসনের কাছে পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

অপহৃত কৃষকরা হলেন,১) মো. জমির (৬২), পিতা: মৃত সুলতান ফকির,২) শফি আলম (১৩), পিতা: রবিউল আলম,৩) মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), পিতা: এজাহার হোসেন,৪) জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০), পিতা: মৃত শামসুল আলম,এ চারজনের বাড়ি ঝিমংখালী, মিনাবাজার, টেকপাড়া, ওয়ার্ড নং-০৬ এলাকায়।এছাড়া,৫) মোজাহের (৬০), পিতা: অজ্ঞাত এবং৬) মোস্তাক (১২), পিতা: অজ্ঞাত — উভয়ের বাড়ি ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্প, ওয়ার্ড নং-০৬ এলাকায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুত উদ্ধার অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ক্যাটাগরি