সালাউদ্দিন আহমদের উখিয়া সফরে সম্মান জানিয়ে জামায়াত প্রার্থীর প্রচারণা স্থগিত
কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ–এর উখিয়া সফরকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, বিএনপির এই শীর্ষ নেতার নির্বাচনী সফর উপলক্ষে বুধবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উখিয়ায় তার সব ধরনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম বন্ধ থাকবে।
মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন,
“সালাউদ্দিন আহমদের আগমনকে সম্মান জানিয়ে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এই ছয় ঘণ্টা নির্বাচনী কর্মকাণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, এর আগে ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের কক্সবাজারে নির্বাচনী সমাবেশ উপলক্ষে কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল তার নির্বাচনী প্রচারণা কার্যক্রম বন্ধ রেখেছিলেন।
এ ধরনের রাজনৈতিক সহাবস্থান, পারস্পরিক সম্মান ও সম্প্রীতির দৃষ্টান্তকে অনুকরণীয় বলে মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যমের নেটিজেনরা।