শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

বিএনপি ক্ষমতায় গেলে মহেশখালী থেকে কক্সবাজার ব্রীজ হবে- সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনলে মহেশখালী–কক্সবাজার সেতু নির্মাণ করা হবে। এই সেতু বাস্তবায়নের মাধ্যমে মহেশখালীর মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট দূর হবে এবং দ্বীপাঞ্চলটির সার্বিক উন্নয়নে নতুন যুগের সূচনা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহেশখালী উপজেলায় কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “মহেশখালী একটি গুরুত্বপূর্ণ দ্বীপ হলেও স্বাধীনতার এত বছর পরও এখানকার মানুষ ন্যূনতম যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সাগর পাড়ি দিতে হয়। রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী,সবাই এই ভোগান্তির শিকার। মহেশখালী–কক্সবাজার সেতু নির্মিত হলে এই দুর্ভোগের স্থায়ী সমাধান হবে।”

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মহেশখালীকে আলাদা গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। সেতু নির্মাণের পাশাপাশি আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। “মহেশখালীকে আমরা উন্নয়নের বাইরে রাখব না। ধানের শীষে ভোট মানেই উন্নয়ন, ধানের শীষ মানেই জনগণের অধিকার প্রতিষ্ঠা,”-বলেন তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “সারা দেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ পরিবর্তন চায়। তারা ভোটের অধিকার ফিরে পেতে চায়। মানুষ বিশ্বাস করে, আগামীর সরকার হবে বিএনপির সরকার। এই পরিবর্তনের যাত্রায় মহেশখালীর মানুষকেও অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা যদি ধানের শীষে ভোট দেন, তাহলে মহেশখালী–কক্সবাজার সেতু বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ। এই সেতু শুধু যোগাযোগের জন্য নয়, এটি হবে অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন বিকাশ ও কর্মসংস্থানের সেতুবন্ধন।”

সভায় বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ। তিনি বলেন, “আমি সবসময় মহেশখালী ও কুতুবদিয়ার মানুষের পাশে ছিলাম। নির্বাচিত হলে সংসদে গিয়ে এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থাকব। জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে মহেশখালীর উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আপনাদের দোয়া, ভালোবাসা ও ধানের শীষ প্রতীকে ভোট পেলে আমি আপনাদের সন্তান হিসেবেই কাজ করব। মহেশখালী–কুতুবদিয়ার উন্নয়ন আমার ব্যক্তিগত দায়িত্ব বলে মনে করি।”

সালাহউদ্দিন আহমদের আগমনকে কেন্দ্র করে জনসভাস্থল ছিল লোকে লোকারণ্যে পরিপূর্ণ। মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার প্রায় সব ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা সভায় অংশ নেন। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জনসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ক্যাটাগরি