একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগ
নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব কেন্দ্রের বুথে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনা ঘটে সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। স্থানীয় শিক্ষক ও বাসিন্দাদের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে আগুন লাগানো হয়।
অগ্নিকাণ্ডে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে পুলিশ, ডিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুথের পেছনের জানালা ব্যবহার করে ভেতরে আগুন দেওয়া হয়েছে।
নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।