বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, নিহত ১
বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় এক সদস্য নিহত হয়েছেন। সোমবার বিকেলে রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুংগো বাজার এলাকার সাইরন ম্রো পাড়ায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, সেনাবাহিনীর একটি টহল দল এলাকায় পৌঁছালে পাহাড়ের চূড়া থেকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালায়। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিচ্ছিন্নভাবে এ সংঘর্ষ চলতে থাকে।
এ ঘটনায় পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর এক সদস্য নিহত হন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকা হওয়ায় বিস্তারিত তথ্য পেতে সময় লাগছে। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ জানান, মুখোমুখি অবস্থানে সন্ত্রাসীরা প্রথমে গুলি চালায় এবং সেনাবাহিনী পাল্টা জবাব দিলে তারা জঙ্গলে পালিয়ে যায়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে গোলাগুলির ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনার পর পাহাড়ি জনপদ ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।