বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়ায় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) এবং জাহেদ উল্লাহ (২১)। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, বালুখালী পান বাজার এলাকায় আব্দুর রহমানের ভাড়া বাসায় একদল সশস্ত্র ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অন্ধকারের সুযোগে আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি ফায়ারকৃত খোসা, একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড রাইফেলের গুলি, দুটি ফোল্ডিং স্টিলের চাকু এবং তিনটি বিশেষ ধরনের ধারালো আংটি উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। তাদের মধ্যে মো. আলমের বিরুদ্ধে পূর্বে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করে উখিয়া থানা-এ হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি