দৈনিক কক্সবাজার সংবাদের উপদেষ্টা সম্পাদক ড. সুকোমল বড়ুয়া পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবার গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, বৌদ্ধতাত্ত্বিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
বিশেষ তাৎপর্যের বিষয় হলো- ড. সুকোমল বড়ুয়া দেশের প্রখ্যাত শিক্ষাবিদ হওয়ার পাশাপাশি দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে তাঁর এই রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হওয়ায় পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, কলাকুশলী ও পাঠক মহলে আনন্দের সাড়া পড়েছে।
ড. সুকোমল বড়ুয়া দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা এবং বৌদ্ধতত্ত্ব চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ২০০৬ সালে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ একুশে পদক প্রদান করে।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে সুপারনিউমারারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ২০১৭ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্বাধীনতা পুরস্কার প্রাপ্তির বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. সুকোমল বড়ুয়া বলেন, তিনি বিষয়টি শুনেছেন, তবে এখনও আনুষ্ঠানিকভাবে কেউ তাকে অবহিত করেননি।
এদিকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রাপ্তির খবরে দৈনিক কক্সবাজার সংবাদ পরিবারের পক্ষ থেকে ড. সুকোমল বড়ুয়ার প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর এ অর্জন পত্রিকাটির জন্যও গৌরব ও অনুপ্রেরণার বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।