বঙ্গোপসাগরে বিপদগ্রস্ত ট্রলার উদ্ধার, ১৫ জেলেকে বাঁচালো নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভেসে থাকা একটি ট্রলারসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখে নিয়মিত টহলের সময় সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে একটি বিপদগ্রস্ত ট্রলার শনাক্ত করে নৌবাহিনীর টহল দল। পরে দ্রুত অভিযান চালিয়ে ট্রলারটিতে থাকা ১৫ জন জেলেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।
উদ্ধারকৃত জেলেদের ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিনে নেওয়া হয়। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা, খাদ্য ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়।
পরবর্তীতে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন এবং নিরাপদ অবস্থানে আছেন বলে জানানো হয়েছে।
নৌবাহিনীর এই উদ্যোগকে সমুদ্রে মানবিক সহায়তা ও জীবনরক্ষায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে। একই সঙ্গে ব্লু ইকোনমি সুরক্ষায় তাদের দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।