বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী

মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সামিয়া কালালিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় সকালে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল সামিয়া। পরে শরীর জুড়াতে কাছের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সে।

দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, হাসপাতালে নেওয়ার আগেই পানিতে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

সামিয়ার অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয়রা তার বাড়িতে ভিড় করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের দুর্ঘটনা রোধে জলাশয়ের আশেপাশে শিশুদের চলাচলে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।

ক্যাটাগরি