শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

আংশিক চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল, রাতেই বাড়বে গ্যাস

কারিগরি ত্রুটির কারণে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পুনরায় আংশিকভাবে চালু হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে এবং বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতের মধ্যেই সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার আশা করছে পেট্রোবাংলা।

পেট্রোবাংলার সদস্য (অপারেশন) ড. রফিকুল ইসলাম জানান, টার্মিনালটি চালু হওয়ার পর বৃহস্পতিবার জাতীয় গ্রিডে প্রায় ১১৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, “আজ রাতের মধ্যেই গ্যাস সরবরাহ বেড়ে ৭৫০ থেকে ৮০০ এমএমসিএফডিতে পৌঁছাবে।”

গত ২১ জুলাই কারিগরি ত্রুটির কারণে এক্সিলারেট এনার্জির পরিচালিত এফএসআরইউ দিয়ে এলএনজি আমদানি বন্ধ হয়ে যায়। এর পর থেকেই দেশে গ্যাস সরবরাহে সংকট দেখা দেয়। শিল্প-কারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং আবাসিক খাতে গ্যাসের চাপ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

পেট্রোবাংলা সূত্র জানায়, দেশের অপর একটি ভাসমান এলএনজি টার্মিনাল আগেই বন্ধ থাকায় ওই সময় বাংলাদেশ কার্যত একটি সচল টার্মিনালের ওপর নির্ভরশীল ছিল। এতে এলএনজি পুনর্গ্যাসীকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হয়।

এদিকে পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, আরেকটি এলএনজি কার্গো ইতোমধ্যে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। শুক্রবার থেকে কার্গোটি খালাস শুরু হওয়ার কথা রয়েছে। এটি থেকে প্রতিদিন অতিরিক্ত ২০ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, টার্মিনালটি পুরোপুরি সচল হলে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাম্প্রতিক সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

ক্যাটাগরি