শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

নাইক্ষ্যংছড়িতে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

বুধবার (৫ আগস্ট) রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীন আশারতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জারুলিয়াছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় টহল জোরদার করে। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি ব্যাগ বহন করতে দেখে তাদের ধাওয়া করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগটি ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৯টি কার্টনে রাখা মোট ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে হলুদ রঙের ৮৯ হাজার ১৬ পিস এবং সবুজ রঙের ৯০০ পিস ইয়াবা ছিল। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। যেকোনো মূল্যে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

ক্যাটাগরি