টেকনাফের উনচিপ্রাং এ সাংবাদিক পরিচয়দানকারী ওয়ারেন্টভূক্ত আসামী কামরুল গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার একাধিক মামলার আসামি কামরুল ইসলাম প্রকাশ ‘টাউট কামরুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন বলে পুলিশের দাবি। কামরুল বঙ্গবন্ধু সৈনিক লীগের টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বলেও জানা গেছে।
পুলিশ জানায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর তাকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কামরুলের বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার সংশ্লিষ্ট তথ্যের বরাতে জানা যায়, মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের এক নারী রোহিঙ্গা ক্যাম্পে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, ওই নারীকে উচ্চ বেতনে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরি দেওয়ার আশ্বাস দেন কামরুল।
পরে আন্তর্জাতিক সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তাকে আর্থিকভাবে ‘খুশি’ করার কথা বলে ওই নারীকে কামরুলের সঙ্গে দেখা করতে বলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওই নারীর অভিযোগ, সরল বিশ্বাসে কামরুলের সঙ্গে দেখা করতে গেলে তিনি তার হাতে থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের আংটি জোরপূর্বক নিয়ে নেন। একই সময় তার সঙ্গে শারীরিকভাবে অসদাচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ওই নারী।
ঘটনার পর ওই নারী আইনি প্রতিকার চেয়ে কক্সবাজার সদর থানায় যোগাযোগ করেন। পরে আদালতের শরণাপন্ন হলে আদালত অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর জন্য কক্সবাজার সদর মডেল থানাকে নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী সদর মডেল থানায় মামলা রুজু করা হয় এবং তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। একই মামলায় কামরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে কামরুল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন সময়ে তথ্য সংগ্রহ করছিল। সর্বশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উনচিপ্রাং এলাকায় তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়।
অভিযানে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার কামরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে কামরুলের গ্রেপ্তারের খবর পেয়ে মামলার অভিযোগকারী নারী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘদিন পর অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হওয়ায় তিনি ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী।