বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ৫০০ ট্রাক মাটি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় তিনটি ড্রাম ট্রাক ও একটি ড্রেজার মেশিনসহ উত্তোলন করা প্রায় ৫০০ ট্রাক মাটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাবরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, স্থানীয় ইউপি সদস্য কবির আহমদ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ ও আব্দুস সালাম এবং টেকনাফ মডেল থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী বলেন, জব্দ করা মালামাল সরকারি হেফাজতে রাখা হবে। উদ্ধার করা মাটি সরকারি উন্নয়নকাজে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাটাবনিয়া এলাকার আব্দুল মাজেদের ছেলে শওকত ও আলমগীর দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছেন। স্থানীয়দের দাবি, প্রায় এক বছর ধরে সেখানে নিয়মিত মাটি কাটা হচ্ছে।

অবৈধভাবে মাটি উত্তোলনের কারণে কাটাবনিয়ার লামারপাড়া এলাকার প্রায় ১০০টি পরিবারের বসতবাড়ি প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, মাটি কাটার ফলে এলাকার পরিবেশ ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

স্থানীয়রা অবৈধ মাটি উত্তোলন স্থায়ীভাবে বন্ধের পাশাপাশি পরিবেশ ও বসতবাড়ি রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ক্যাটাগরি