বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

চকরিয়ায় বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রীর

কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা মনি (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানহা মনি স্থানীয় চকরিয়া উম্মা হাতুল মোমেনীন মহিলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে চকরিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও চকরিয়া চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সিনিয়র সহসভাপতি মাওলানা জাফর আলম হামিদীর মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার মাদ্রাসা ছুটি থাকলেও সকালে প্রাইভেটে পড়ার জন্য বাসা থেকে বের হয় তানহা। একটি ইজিবাইকে (টমটম) করে যাওয়ার সময় কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ইজিবাইকটি পাশ কাটানোর চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত তানহা ইজিবাইক থেকে ছিটকে সড়কে পড়ে যায়। পরে দ্রুতগতির সিমেন্টবোঝাই ট্রাকটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, সড়কে অনিয়ন্ত্রিত যান চলাচল ও বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা বেপরোয়া ও অনিয়ন্ত্রিত যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। তবে দুর্ঘটনার পর ইজিবাইক ও ট্রাকের চালক পালিয়ে যায়। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

ক্যাটাগরি