শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

কক্সবাজারে প্রবাসী ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি নাহিদ চাঁদ গ্রেপ্তার

কক্সবাজার পৌর এলাকায় দুবাই প্রবাসী ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী নাহিদ মোর্শেদ চাঁদকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মকবুল সওদাগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ জানায়, নিহত ওমর ফারুক কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়া এলাকার বাসিন্দা ও দুবাই প্রবাসী ছিলেন। একটি স্থানীয় চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে নাহিদ মোর্শেদ চাঁদ, তার সহযোগী ওয়াহিদ মোর্শেদ ছাহিদ ও সৈয়দ আকবরসহ অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে ওমর ফারুকের ওপর হামলা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। পরে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩ মে ঢাকার একটি হাসপাতালে ওমর ফারুক মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

র‌্যাব জানায়, ঘটনার পর মামলার আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেপ্তারে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার নথি পর্যালোচনায় নাহিদ চাঁদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মারামারি ও হত্যাচেষ্টার অভিযোগে পূর্বের মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার নাহিদ মোর্শেদ চাঁদকে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

ক্যাটাগরি