সদর উপজেলা

ধামরাইয়ের শংকর চন্দ্র মন্ডল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে চাঞ্চল্যকর শংকর চন্দ্র মন্ডল (২৮) হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ওয়াজেদ হাজীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ ও র‌্যাব-৪-এর যৌথ অভিযানে বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানাধীন কলাতলী ডলফিন মোড়সংলগ্ন একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওয়াজেদ হাজী (৫০) ঢাকার ধামরাই উপজেলার শরীফবাগ এলাকার মৃত ডাউরি ব্যাপারীর ছেলে।

র‌্যাব জানায়, গত ৮ আগস্ট সকালে ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকায় একটি রাইস মিলের অফিসে শংকর চন্দ্র মন্ডলকে হাত-পা বেঁধে রড ও কাঠের লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হলে পরিবারের সদস্যরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তাকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি।

এরপর গত ১৫ আগস্ট ভোরে নিজ বাড়িতে শংকর চন্দ্র মন্ডলের মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা করেন।

হত্যাকাণ্ডের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন বলে জানায় র‌্যাব। গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওয়াজেদ হাজীর অবস্থান শনাক্তের পর কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াজেদ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি