মহেশখালীতে মিশুক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী যুবকের মৃত্যু, আহত ৩
কক্সবাজারের মহেশখালীতে মিশুক গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফয়সাল (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড় মহেশখালী সমবায় সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোরকঘাটার দিকে যাচ্ছিল একটি মিশুক গাড়ি। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সমবায় সমিতির সামনে সেটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. ফয়সালকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ফয়সাল চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার মো. ইলিয়াসের ছেলে। স্বজনরা জানান, তিনি কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। মঙ্গলবার মহেশখালীতে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ ও আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।