লিংক রোডে যাত্রীবাহী বাস থেকে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক
মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজার সদর থানাধীন লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, কক্সবাজার।
শনিবার (৩ অক্টোবর) ভোর আনুমানিক ৩টার দিকে ঝিলংজা ইউনিয়নের লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে কক্সবাজারগামী যানবাহনে তল্লাশি চালায় এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল। এ সময় ‘সৌদিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. এবাইদুল্লার ছেলে মো. আইয়াজ (২৫) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মৃত শামছুল আলমের স্ত্রী হাসিনা বেগম (৫৫)।
এ সময় তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে করে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার শহরের দিকে আসছে।
তথ্যের ভিত্তিতে লিংক রোড এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে জানিয়েছে বলে দাবি করেছে এসআরবি-১৫।
উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।