আবহাওয়া

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এটি আরও শক্তিশালী হয়ে আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে আবহাওয়ার এই সিস্টেম। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তিশালী হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে একই এলাকায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’। পূর্বাভাস অনুযায়ী, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে সাগরের ওপর অবস্থানকালে আরও শক্তিশালী হয়ে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথের একটি পূর্বাভাস প্রকাশ করেছে আইএমডি। তবে এটি শেষ পর্যন্ত কোন উপকূলের দিকে অগ্রসর হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি সংস্থাটি।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপটি আরও বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে এর সম্ভাব্য গতিপথ, উপকূলে আঘাত হানার স্থান এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

ক্যাটাগরি